দুবাইয়ে আরাভ খান আটক কি না তথ্য নেই: আইজিপি

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে আটক হয়েছেন কি না সে ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তবে তিনি জানিয়েছেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নিয়মিত ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। 

ভারতীয় পাসপোর্ট থাকায় তাকে ফিরিয়ে আনতে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। 

সম্প্রতি বনানী ক্লাব থেকে বিনা পরোয়ানায় বিএনপির ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন গ্রেপ্তার নিয়ে বিরোধীদলের পক্ষ থেকে করা পুলিশের এখতিয়ার ও তীব্র সমালোচনারও জবাব দেন পুলিশ মহাপরির্দশক। 

দুবাইতে সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘী ও হিরো আলমদের দিয়ে জুয়েলার্স উদ্বোধন করান আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান।

এদিকে ওই অনুষ্ঠানের পরই আরাভের মূল পরিচয় বিভিন্ন গণমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশ হয়। এরপরই দুবাইয়ে উদ্বোধন করা আরাভ জুয়েলার্স তল্পিতল্পাসহ গুটিয়ে নেয়। লাপাত্তা হন সেই আরাভ খান। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর মামুন ইমরান খান খুনের মামলার আসামি দুবাইয়ে থাকা রবিউল ইসলাম। ইন্সপেক্টর মামুন খুন হন ২০১৮ সালের ৮ জুলাই। পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান বাদি হয়ে ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। 

দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম। তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাভ খান।

পুলিশ বলছে, আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।


একাত্তর/এসি