উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ সালমান এফ রহমানের

গ্যাস, বিদ্যুতের দাম বাড়তিতে বেড়েছে শিল্প কলকারখানা খরচ। এমন অবস্থায় ভর্তুকি নয়, বরং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারের কারণে দেশে পণ্য মূল্য চড়া। তবে তা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করে দাম কমিয়ে বিক্রির আহবানও জানান তিনি। 

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন,  সংবিধানের বাইরে বিরোধী দলকে স্পেস দেয়ার সুযোগ নেই। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সুষ্ঠু করতে সরকার আন্তরিক। নির্বাচন কমিশন স্বাধীন। 

আরও পড়ুন: সেই সুলতানার মৃত্যুর কারণ জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান  হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সবক্ষেত্রেই বাংলাদেশর অবস্থান আগের তুলনায় অনেক সুদৃঢ়।স্বাধীনতার প্রকৃত সুফল পেতে সুশাসন, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, শোষণ ও বঞ্চনামুক্ত ন্যায় বিচারভিত্তিক দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে ‍তুলতে হবে। পাশাপাশি সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

এদিকে, বিতর্ক প্রতিযোগিতায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।


একাত্তর/এসি