মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদকে বিভ্রান্তিকর দাবি করে এর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন।
রোববার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির নিন্দা জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি। এতে বলা হয়, মিথ্যাচার করা মত প্রকাশের স্বাধীনতা নয়। একই সঙ্গে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে কটাক্ষ করাও মত প্রকাশের স্বাধীনতা নয়। সংগঠনটি মনে করে, সংবাদটি মিথ্যা এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি প্রতিবেদনে একজন শ্রমজীবীকে উদ্ধৃত করে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’। এ মন্তব্য ধরেই খবরটির শিরোনাম করা হয়। তবে সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডে ছবি দেয়া হয় আরেকটি শিশুর। এ ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রতিবেদনটিতে ‘রাষ্ট্রবিরোধী’ উপাদান থাকার কথাও বলা হচ্ছে।
পরদিন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয়। তাতে দাবি করা হয়, একটি শিশুকে ১০ টাকা দিয়ে সেই কথা বলানো হয়েছে।
পরে অবশ্য দৈনিক প্রথম আলো প্রতিবেদন থেকে ছবি সরিয়ে শিরোনাম বদলে দেয়। পাশাপাশি সামাজিকমাধ্যমে দেয়া তাদের পোস্টও প্রত্যাহার করে নেয়। প্রতিবেদনে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচারের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম কিবরিয়া। সেই মামলায় কেবল শামসকেই আসামি করা হয়।
আরও পড়ুন: সেই সংবাদ কোনো এজেন্ডা বাস্তবায়নের অংশ: বঙ্গবন্ধু পরিষদ
পরে মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী মশিউর মালেক।
একাত্তর/এসি