বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণের সার্বিক তদারকিতে প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সার্বিক খোঁজখবর এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রীর একজন কর্মকর্তা জানিয়েছেন। 

মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। একে একে তাদের সঙ্গে যোগ দেয় সেনা, বিমান ও নৌ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং র‌্যাবের সদস্যরা। ছয় ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।  

সবশেষ ঘটনাস্থলে র‍্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোষাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মনিটরিং করছেন।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গবাজার মার্কেট থেকে পাশের এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।


একাত্তর/এসি