এবার ঈদে যাত্রী সেবা দিতে প্রস্তুত বিআরটিসি’র এক হাজার বাস। এর মধ্যে অন্তত ১০০ বাস রাখা হবে কেবল পোশাক শ্রমিকদের জন্য। ১৪ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন কাউন্টারে ১৯৮টি রুটে বাসগুলো ছেড়ে যাবে।
ঢাকার বিআরটিসির সাত ডিপো এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদের সময় বিশেষ সার্ভিসের বাস চলবে।
ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিশেষ বাসের আগাম টিকেট পাওয়া যাবে।
ঈদ যাত্রায় বিআরটিসির এসব প্রস্তুতির কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম।
দেশের ১৯৮টি রুটে বিআরটিসির বাস চলে উল্লেখ করে তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হবে। বিশেষ এই সেবার জন্য এবার এক হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে। বিআরটিসি বাসের জন্য নির্দিষ্ট কেনো রুট পার্মিট নেই। যে কারণে যাত্রী চাহিদা পূরণে যে রুটেই সঙ্কট হবে সেখানেই প্রয়োজন মতো বাসগুলো নামানো হবে। যা চলবে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে ঈদ পর্যন্ত।
তিনি জানান, বিশেষ বাস সার্ভিসের বাইরেও পোশাক শ্রমিকদের জন্য আলাদা ভাবে প্রস্তুত রাখা হচ্ছে ১০০টি বাস। পোশাক কারখানার মালিকদের চাহিদা অনুযায়ী বাস সরবরাহ করা হবে।
সংস্থাটির চেয়ারম্যান জানান, স্বল্প সম্পদ নিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিআরটিসি। এই বছরই বিআরটিসি বহরে যুক্ত হবে নতুন ৩৪০টি বাস। সেই সঙ্গে যুক্ত হবে ১০০টি বৈদুতিক বাসও।
প্রতিষ্ঠানটির প্রধানের আশা, বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত হলে বাড়বে যাত্রীসেবা।
একাত্তর/এসি