সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরের দিন তার দাফনের বিষয়ে জানানো হবে।
এদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত শ্রদ্ধা জানানোর পর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহবায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।
গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক আলতাফুন্নেছা জানান, শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মরদেহ নেওয়া হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। সেখানে জুমার নামাজ শেষে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ডা. জাফরুল্লাহর দাফনের বিষয়টা পরিবারের সদস্যরা শুক্রবার দ্বিতীয় জানাজার নামাজ শেষে সবাইকে জানিয়ে দেবেন।
পরিবারের লোকজন ডা. জাফরউল্লাহর দেহদানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে বলে জানান সাকি।
আরও পড়ুন: একজন চারণ চিকিৎসক ডা. জাফরুল্লাহর কথা
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টায় মারা যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রাতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮১ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগেও ভুগছিলেন।
একাত্তর/এসি