কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আহম্মদ আলী (৫৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আলী বর্তমানে কারওয়ান বাজার এক নং রেলগেট ট্রাকস্ট্যান্ড এলাকায় পরিবার ছাড়াই থাকতেন। পেশায় তিনি চাল গোডাউনের শ্রমিক ছিলেন।

ছেলে সুজন আলী বলেন, বিকেলে বিশ্রাম নিতে বাবা রেলগেট লাইনের পাশে বসে ছিলেন। ব্রিজের কাজ চলায় সেখান থেকে সবাই তাকে দূরে গিয়ে বসতে বলে। কিন্তু কানে কম শোনায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় দুটি ট্রেন চলে এলে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।


একাত্তর/এসি