নিষেধাজ্ঞা অমান্য করায় শাহীন স্কুলকে জরিমানা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পাঠদান চালানোর কারণে শাহীন স্কুল ও ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহষ্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড় (রেলক্রসিং) এলাকায় শাহীন স্কুল ও ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ। 

নির্বাহী ম্যাজিস্টেট শিহাব উদ্দিন আহমদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে শাহীন স্কুলে পাঠদান চালানোর কারণে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। 

তিনি আরও জানান, একইসময়ে পার্শ্ববর্তী ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিংয়ে পাঠদান চললেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে পালিয়ে যায়। 


এসময় নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করালে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


একাত্তর/আরএইচ