ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

রাজধানীর রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার বন্ধু মোটরসাইকেল চালক শাকিল আহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক।

শনিবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে হাতিরঝিল রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী খিলগাঁও হাই  স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারি উপরিদর্শক এ এস আই  মাসুদ মিয়া বলেন, নিহতের মরাদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শাকিলকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই সুজন দেব বলেন, এ ঘটনায় সৈকত শাওন পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধা যাচ্ছিলো।

মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী সিএনজি চালক খোকন শেখ বলেন, রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে দ্রুতগতির বাসের চাকায় চাপা পড়ে।  

আহত শাকিলের বরাত দিয়ে সিএনজি চালক আরও বলেন, ঈদের নামাজ শেষে বন্ধুরা ঘুরতে বের হয়েছিল। 

আরও পড়ুন: খুনি, যুদ্ধাপরাধীরা ক্ষমতায় এলে আবার তছনছ হবে: প্রধানমন্ত্রী

মৃতের বাবা আবুল কাশেম বলেন, মেহেদী বাসা থেকে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল। পরে খবর পাই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে মেহেদী। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

মৃত মেহেদী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সবজি ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তারা বর্তমানে রামপুরা ওয়াবদা রোড নতুন রাস্তা এলাকায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।


একাত্তর/আরবিএস