রাজধানীর কদমতলীতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে কদমতলীর পূর্ব ধোলাইপাড় আলী আহামদের ভাড়া বাসার দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত শারমিন আক্তার (৩২) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও গ্রামের শাহজাহান শেখের মেয়ে। তিনি সৌদি প্রবাসী মো. জুয়েল মিয়ার স্ত্রী।
নিহতের বাবা শাহজাহান জানিয়েছেন, তিনি গত ২৪ এপ্রিল মেয়ের বাসায় বেড়াতে যান। ফেরার সময় দুই নাতনি তানজিম (১০) ও রোজাকে (৭) গ্রামের বাড়িতে নিয়ে যান তিনি। দুইদিন পর আবার তাদেরকে দিয়ে আসতে ঢাকায় যাওয়ার কথা ছিল তার।
তিনি বলেন, মোবাইলে তার সাথে ও দুই সন্তানের সাথে শারমিনের কথা হতো। বৃহস্পতিবার বিকাল থেকে শারমিনকে মোবাইলে পাওয়া না গেলে তিনি বাড়ির মালিককে ফোন করেন।
আরও পড়ুন: বংশালে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
বাড়ির মালিক শারমিনের বাসার দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে শারমিনের পরিবার ও পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ দরজা ভেঙ্গে শারমিনের ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/এসজে