আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফের সব কথা মেনে নেয়া হয় না উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রতিষ্ঠানটি যাই বলুক না কেন, আগামী বাজেটে মূল্যস্ফীতি আয়ত্বে রাখাই সরকারের লক্ষ্য।
রোববার রাজধানীর একটি হোটেলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি আয়োজিত রপ্তানিতে পণ্যের বহুমুখিকরণ বিয়ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আইএমএফের সব শর্ত মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। হোক আইএমএফ বা বিশ্বব্যাংক, বাংলাদেশ সেসব শর্তই মেনে নেবে যা বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো। দেশের স্বার্থের সঙ্গে কোন আপোস করা হবে না।
তিনি জানান, বাংলাদেশে করের হার বেশি, এটা কমানো উচিত। তবে বাজেট ঘাটতি কমাতে ট্যাক্স জিডিপি অনুপাতও বাড়াতে হবে। পণ্যের বহুমুখিকরণ নীতিতে সরকার সঠিক নীতিতে আছে দাবি করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের সামনে তিনটি চ্যালেঞ্জ দেখছে আইএমএফ
শামসুল আলম বলেন, বাজেট আলোচনার সময় ও পরিধি বাড়ানো উচিত। বাজেট নিয়ে এখন যতটুকু আলোচনা হয় তা পর্যাপ্ত নয়। এ ছাড়া কীভাবে কর আদায়ের পরিধি বাড়ানো যায়, তা নিয়েও এখন থেকে ভাবা উচিত। কর আদায়ের পরিধি বাড়ালে বাজেট ঘাটতিও কমে আসবে।
একাত্তর/এসি