যাত্রাবাড়ীতে প্রতিপক্ষের ছুরিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

যাত্রাবাড়ীর দনিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক তরুণ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তাজুন ইসলাম (১৮) ও আহত সায়েম (১৭) একে স্কুল এন্ড কলেজের এসএসসির পরীক্ষার্থী। 

ওই দুইজনকে হাসপাতালে নিয়ে আসা আশিকুর রহমান জানান, সন্ধ্যার দিকে স্থানীয় কায়েছসহ প্রতিপক্ষের ১৫-১৬ জন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা তাজুনকে ছুরিকাঘাত ও সায়েমকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। 

আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাজুনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ১০০ টাকার জন্য সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

জুরাইন মুরাদপুর কুদারবাজারের কাতারপ্রবাসী মোশাররফ হোসেনের ছেলে তাজুন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। 


একাত্তর/এসজে