রাজধানীর শনির আখড়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক ওয়ার্কশপ কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শনির আখড়া ছয় নম্বর এলাকায় একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়ার্কশপ কর্মচারী মো. আলমগীর (১৭) কদমতলী পাটেরবাগ এলাকায় পরিবারের সাথে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সকলের ছোট।
নিহত আলমগীরের ফুফাতো ভাই হৃদয় জানান, আলমগীর এলাকার বন্ধুদের সাথে শনির আখড়া ছয় নম্বর এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে। পুকুর থেকে সবাই উঠতে পারলেও তিনি তলিয়ে যান। আধঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো