রাজধানীর ধানমণ্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিআরটিসির একটি বাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ল্যাব এইড হাসপাতালের সামনের মিরপুর সড়কে এ ঘটনা ঘটেছে। ১০ দফা দাবিতে বিএনপি নেতা-কর্মীরা বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সমাবেশের পর সায়েন্সল্যাব মোড়ে মিছিল শেষ করে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এসময় পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার সেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা বিআরটিসির একটি বাসে ভাংচুর করে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে দুইটি সিট পোড়ার পরই পুলিশের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ হোসেন বলেন, বিএনপির কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবের পুলিশ বক্সেও হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিএনপির কয়েকজন নেতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইন্সল্যাব প্রিয়াংকা মার্কের সামনে আহত অবস্থায় আটক করা হয়েছে মো: সবুজ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। তিনি সেচ্ছাসেবক দলের ২১ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক। পুলিশের উপর হামলার ঘটনায় সুবজকে আটক করা হয়েছে বলে জানান নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহামেদ।
একাত্তর/আরবি