আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ এ শহরের বায়ুর মানের স্কোর ১৬৮, অর্থাৎ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। 

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে  এ তথ্য জানা গেছে।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৫৯, অর্থাৎ সেখানকার বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির দূষণের স্কোর হচ্ছে ১৫৭। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


একাত্তর/আরবিএস