রাজধানীতে সিএনজির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বসিলায় শাহজালাল হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ষাটের আশপাশে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী মনির হোসেন জানান, বসিলার ওই হাউজিং এলাকায় চালক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি সিএনজির সাথে তার ধাক্কা লাগে। এসময় ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
একাত্তর/আরএ