রূপগঞ্জে জাহাজে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে চার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজ সাংহাই-৮ এর তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ মো: সোহেল (৩৮) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

রোববার সকালে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তিনি মারা যান। 

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো: তরিকুল ইসলাম জানিয়েছেন, সোহেলর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

মৃত সোহেলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীগর উপজেলার মিরপুর গ্রামে, তার বাবার নাম মৃত তায়জুল ইসলাম। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে দশ শতাংশ ভোট পান কিনা পরখ করে দেখুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২), হুমায়ুন কবির (৫৪) ও মো: রুবেল (৩৮) নামে আরও তিন শ্রমিকের মারা যান। গত ৪ জুন তাদের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিল। 

জানা যায়, ৪ জুন রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে তেলবাহী সাংহাই-৮ জাহাজের ট্যাংকার বিস্ফোরণে আট জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে পাঁচ শ্রমিক- রুবেল, সোহেল, ইমতিয়াজ, লিমন ও হুমায়ন কবিরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।  


একাত্তর/আরবিএস