যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭৫ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি।

তার নাম মোঃ হাবিবুর রহমান (২৮) তিনি কম্বোডিয়া যাওয়ার জন্য ঢাকায় আসছিলেন। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। 

হাবিবুর রহমানকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার চাচা ইউসুফ আলী। তিনি বলেন, তার ভাতিজা হাবিবুর কম্বোডিয়ায় যাবেন বলে গতকাল নওগাঁ গ্রামের বাড়ি থেকে থেকে রাতে বিমানবন্দর হাজী ক্যাম্পে আসেন, সেখানে হোটেলে রাত যাপন করেন। আজ সকালে বনানীতে একটি এজেন্সি অফিসে এসে পাসপোর্ট নেবেন ও টিকিট কনফার্ম করবেন বলে ‌বিমানবন্দর থেকে সকাল সাড়ে দশটার দিকে আজমেরী পরিবহনের গাড়িতে উঠেন।

বনানী আসার আগে এক হকার গাড়িতে উঠে আয়ুর্বেদী হালুয়া জাতীয় ঔষধ বিক্রি করতে থাকেন। সেখানে ঐ হকারের কাছ থেকে তিনি হালুয়া নিয়ে খেয়েছিলেন। তার পিছনের সিটে ছিলেন চাচা ইউসুফ ও তার এক প্রতিবেশী আব্দুল খালেক। তারা গাড়ির সিটির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান হাবিবুরকে। 

তার সঙ্গে ৭৫ হাজার টাকা ছিল এবং সেই টাকা আর পাওয়া যায়নি বলে ইউসুফ জানান।

পরে বনানীতে গাড়ি থেকে নেমে ওই হকারকে তারা স্থানীয়দের মাধ্যমে ধরে পুলিশের সোপর্দ করেন। 

সেখান থেকে হাবিবুরকে অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে বিকেল পৌনে তিনটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, অচেতন ঐ ব্যাক্তিকে ঢামেক  হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর তার পাকস্থলী পরিস্কারের করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। 

হাবিবুরের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার ভিমপুর গ্রামে। তার বাবার নাম কমের আলী।


একাত্তর/এআর