আফতাবনগরে হচ্ছে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ: আতিক

রাজধানীতে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বুধবার সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভার ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় নগরবাসীকে তিনি এই অনুরোধ করেন।

মেয়র আতিক বলেন, রাজধানীর সবচেয়ে সুন্দর ফুটওভার ব্রিজ হবে এটি। এর কাজ শেষ হবে ডিসেম্বরের মধ্যে। ফুটওভার ব্রিজটির উত্তর সিটি কর্পোরেশনে তৈরি করে দেয়ার পর দেখাশোনা করবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

প্রায় চার কোটি টাকা ব্যয়ে আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ করছে  ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই ফুটওভার ব্রিজে দুটি এস্কেলেটর থাকবে। নির্মাণ কাজ শেষ হলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। 

এছাড়াও রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরাও নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।

উদ্বোধন উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আতিক বলেন, প্রধানমন্ত্রী দৃষ্টিনন্দন হাতিরঝিল উপহার দিয়েছেন। এর পাশেই আফতাবনগরে ফুটওভার ব্রিজটি হচ্ছে। তাই আমি আমাদের প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি, এই ফুটওভার ব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। এই ফুটওভার ব্রিজটি নৌকার আদলে দৃষ্টিনন্দনভাবে ডিজাইন করা হয়েছে।

এসময় মেয়র আতিক সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। শহরের বিভিন্ন খালি ও উম্মুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি, পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহবান জানান উত্তরের মেয়র।


একাত্তর/এআর