রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় বিষপানে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢামেক থেকে তার স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত শারমিন আক্তার (১৮) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দেলাপাড়া গ্রামের রিকশা চালক সাহিদুলের মেয়ে। আটক আলামিন (২০) কুমিল্লার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের ওয়ার্কশপ শ্রমিক আবুল কালামের ছেলে।
তারা দুজনেই পাটেরবাগ এলাকায় নিজ নিজ পরিবারের সাথে থাকতেন। তবে আলামিন একমাস ধরে মসজিদে বসবাস করছিলেন।
শারমিনের ভাই সুমন মিয়া জানান, এক বছর সম্পর্কের পর রেজিস্ট্রি না করে একমাস আগে মৌখিকভাবে কালেমা পড়ে বিয়ে করেন তারা। বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার পর আলামিনকে মেয়ের বাড়ি থেকে বলা হয় তার বাবা-মাকে নিয়ে আসতে, পরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেয়া হবে।
সুমন আরও বলেন, আলামিনের পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় বিকেলে শারমিন বিষপান করেন। পরে আলামিনসহ স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় রিকশাচালকের মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে স্বামী আলামিনকে আটক করা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
একাত্তর/এসজে