অনলাইনে জমা দেওয়ার পর সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে আরাফাত বলেন, বিএনপি নির্বাচনে প্রার্থী না দিলেও নানাভাবে তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়।
অন্যান্য দলগুলোও স্বতস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বল্প মেয়াদ থাকলেও অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাক্তি হিসেবে নয় বরং দলকে জয়ী করতেই কাজ করবেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মোহাম্মদ এ আরাফাতকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। আরাফাত দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।
একাত্তর/এআর