লিচুর প্রলোভনে সাত বছরের শিশু ধর্ষণ, ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার

কুমিল্লা দেবিদ্বারে লিচু খাওয়ানোর প্রলোভনে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কথিত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঈন জানান, শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে গোয়েন্দা তথ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সোমবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তার বিরুদ্ধে অভিযোগ, গত দুই জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ‘ভণ্ডপীর’ ইকবাল। 

আরও পড়ুন: ময়লা ও লোনা পানিতেও বংশবিস্তার করছে এডিস মশা

স্থানীয়দের আরও অভিযোগ, দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং মাঝেমধ্যে ওরশ করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ করতেন এ প্রতারক। তার এসব কাজে সহায়তা করতো স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে তার এসব কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করতেন না।


একাত্তর/এসি