আট ঘণ্টার মধ্যেই উত্তর সিটির বর্জ্য পরিষ্কার: আতিক

কোরবানির আট ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বর্জ্য পরিস্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আর সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা উত্তরের মেয়র আতিক। 

তিনি বলেন, আট ঘন্টার মধ্যে রাজধানীর পশুর বর্জ্য পরিস্কার করা হবে। যে ওয়ার্ড সবার আগে বর্জ্য পরিস্কার করবে তাদের পুরস্কৃত করা হবে। এবারের পশুর বর্জ্য সংগ্রহ করে সবুজ ঢাকা নির্মাণের ক্ষেত্রে এসব বর্জ্য সার হিসাবে ব্যবহার করা হবে।

মোট ১১ হাজার পরিচ্ছন্ন কর্মী এবার উত্তর সিটিতে পশুর বর্জ্য পরিস্কারে কাজ করবে বলেও জানান মেয়র আতিক। 

সকাল থেকে পশু কোরবানি শুরুর পর সাধারণত দুপুরের পর থেকে বর্জ্য অপসারণ শুরু করা হয়। উত্তর সিটিতে গত বছর বেলা ৩টায় বর্জ্য অপসারণ শুরু করে ১১ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছিল। 

ঢাকা উত্তর ও দক্ষিন সিটিতে এবারের কোরবানির ঈদে ১০টি করে মোট ২০টি পশুর হাট বসেছে। এই বাইরে কেউ অতিরিক্ত হাট বসালে তা অবৈধ হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র। 

তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের ১০ হাটের বাইরে কোন হাট বসলে তা অবৈধ। এসব হাট থেকে সিটি করপোরেশন কোন রাজস্ব পায় না। 

আর হাট ইজারাদাররা কোন অনিয়ম করলে তাদের জামানত বাতিল করা হবে বরেও হুশিয়ারি দিয়েছেন আতিক। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যান্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

উত্তর সিটিতে প্রায় ১১ হাজার পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি বর্জ্য অপসারণ কাজে ব্যবহার হবে বিভিন্ন ধরনের ৪১১টি যানবাহন। এবার বর্জ্য সংগ্রহের জন্য ৯ লাখ পলিব্যাগ সরবরাহ করা হয়েছে। এছাড়া ১ লাখ পিস বায়োডিগ্রেডেবল পলিব্যাগ দেওয়া হয়েছে।

রাস্তা ও হাট এলাকার পরিচ্ছন্ন করতে ৬৮ টন ব্লিচিং পাউডার, ৪ হাজার ৫০০ লিটার স্যাভলন এবং ১ হাজার ৬০০ লিটার ফিনাইল ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি।


একাত্তর/আরবি