শতভাগ ভোটার ভোট দিলে ৮০ শতাংশ ভোট পাবে নৌকা: আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের প্রচারে আওয়ামী লীগের সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রাথী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করা হচ্ছে। 

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে প্রার্থীদের প্রচার। ক্লান্তিহীন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। 

মঙ্গলবার সুবিধাবঞ্চিত মানিকদি এলাকায় নির্বাচনী প্রচারে যান নৌকার প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত। এসময় তিনি সবার কাছে নৌকার পক্ষে ভোট চান। তার দাবি শতভাগ ভোটার ভোট দিলে ৮০ শতাংশ ভোট পাবে নৌকা। আশ্বাস দেন, নির্বাচনে জিতলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন তিনি।

পাশেই মাটিকাটা এলাকায় প্রচার চালান একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। নির্বাচনে জিততে আত্মবিশ্বাসী তিনিও। হিরো আলমের অভিযোগ তার প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা। 

যদিও তার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী  মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই এমন অভিযোগ করছে অন্য প্রার্থীরা।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। চিত্রনায়ক ফারুকের মৃত্যু পর আসনটি শূন্য হয়। 


একাত্তর/এআর