ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ডেঙ্গু রোগীর ঠিকানা ধরে মশক নিধন অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কেন্দ্রীয়ভাবে এই কার্যক্রম তদারকি করতে নগরভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ কক্ষটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মশা নিধন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে তদারকি করা হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিটি কর্পোরেশনেই লাইভ মনিটরিং গ্রুপে মশক নিধন কর্মীরা কীভাবে কাজ করছে তা সরাসরি দেখা যাবে। 

মেয়র তাপস জানান, ডেঙ্গু রোগীর তালিকার ঠিকানা ধরে মশা নিধন অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি যেসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সম্ভাবনা আছে, সেখানেও অভিযান চালানো হবে।

কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা সিটি করপোরেশনকে ০১৭০৯৯০০৮৮৮, এই হটলাইন নম্বরে জানাতে নির্দেশ দেন তাপস।


একাত্তর/আরবি