বংশালে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বংশালে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বংশাল থানাধীন পাকিস্তান মাঠ এলাকায় পলিথিন কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. রাজিব হোসেন (২৭) একটি পলিথিন কারখানার শ্রমিক ছিলেন। তিনি রাজিব শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার নয়া কান্দি গ্রামের চা বিক্রেতা জাকির হোসেনের ছেলে।

বর্তমানে বংশাল পাকিস্তান মাঠ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন রাজিব। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

দুর্ঘটনার পর রাজিব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মিজানুর রহমান জানান, পলি তৈরির মেশিন হেলপার হিসেবে তিন মাস ধরে রাজিব কাজ করছিলেন। আজ রাতে ফ্যাক্টরিতে বিদ্যুৎ চলে গেলে মেশিন থেকে পলি সরানোর সময় হঠাৎ বিদ্যুৎ এলে তিনি স্পৃষ্ট হন।

আরও পড়ুন: মালিবাগে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাজিবকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর স্বজনরা আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ নিয়ে গেছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।


একাত্তর/আরএ