মশা মারতে ১১৪ কোটি টাকা ব্যয় করবে উত্তর সিটি

উত্তর সিটির মশা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে এই অর্থবছরে ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

সোমবার গুলশানে ডিএনসিসির নগর ভবনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, একটি টেকসই ও নিরাপদ শহর বিনির্মাণে আমরা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। মশক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি আমরা। 

মেয়র বলেন, মশা নিধনে নিয়মিত এডিসের প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্যান্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারাভিযান, বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটের সদস্যদের যুক্ত করে প্রচারাভিযান পরিচালনা, ডিএনসিসির আওতাধীন এলাকার মসজিদ ও মাদ্রাসার এক হাজার ইমাম ও খতিবগণের সঙ্গে এবং স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের সাথে মতবিনিময় সভা, ছাদ বাগানে এডিসের লার্ভা সনাক্তে ড্রোনের ব্যবহার ইত্যাদি। 

মেয়র জানান, জনগণকে সচেতন করতে ডিএনসিসির দশটি অঞ্চলে দশজন ডেডিকেটেড পিআর নিযুক্ত করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে মশার প্রজাতি ও মশার আচরণ নির্ণয় করে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণা করার জন্য চুক্তি করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে এই খাতে ব্যয় করা হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। গত অর্থ বছরের সংশোধিত বাজেটে কেবল মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ৫২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। চলতি বছরের বাজেটে কেবল মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে ৮৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছি। যা গত অর্থ বছরের বাজেটের চেয়ে বরাদ্দের হার ৬১ শতাংশ বেশি।

এ ছাড়া গত অর্থ বছরে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কিনতে ১৫ কোটি টাকা ব্যয় হয় আর চলতি অর্থ বছরে যন্ত্রপাতি কিনতে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান উত্তরের মেয়র। 

 

একাত্তর/এআর