প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে খাদ্য সংকট বাড়তে পারে বলে সরকারের শঙ্কার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আর স্পিকার বলেছেন, খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সবখানেই মনোযোগ দিতে হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্য ব্যবস্থা বিষয়ক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তারা।
সবার জন্য পর্যাপ্ত খাদ্য পাবার অধিকার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্য নিয়ে আঞ্চলিক ঐকমত্য গড়ে তুলতে এ সম্মেলন আয়োজন করেছে খাদ্য অধিকার বাংলাদেশ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশে দেশে দীর্ঘস্থায়ী তাপদাহ, দাবানল, খরা, অতিবৃষ্টি আর বন্যায় কৃষি উৎপাদন কমছে। অন্যদিকে রুশ-ইউক্রেনের শস্যচুক্তি বাতিলের পাশাপাশি দেশে পণ্য রফতানির হুটহাট নিষেধাজ্ঞা ব্যাপক ঝুকিতেঁ ফেলেছে খাদ্য নিরাপত্তাকে।
পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান বলেন, খাদ্য কেবল নিরাপত্তার বিষয় নয়। এখানে পুষ্টি কতটা নিশ্চিত হচ্ছে, দেশে দেশে সাধারণ মানুষের জন্য সেটি প্রশ্ন। পরিবারগুলো কীভাবে খাদ্য সহজলভ্যভাবে দ্রুততার সাথে পাচ্ছে সে বিষয়ে সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন।
নেপালের কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সঞ্জীব কুমার কার্ন বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশে বেকারত্ব ও দারিদ্র্যের হার বেড়েছে। বাংলাদেশসহ কিছু দেশে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তাহীনতাও বাড়ছে।
তবে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের সৃষ্টি অস্থিরতা খাদ্য সংকট বাড়াতে পারে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত পন্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দুইদিনের এ সম্মেলনের প্রথম দিনে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুরক্ষার জন্য জলবায়ু সহনশীল, পরিবেশনাবান্ধব কৃষি ব্যবস্থা, এ খাতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর আগ্রাসন পরিবর্তে জনবান্ধব কৃষি ও খাদ্য ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ দেন বক্তারা।
আরও পড়ুন: জিমনেশিয়াম মাঠে সমাবেশের অনুমতি পেলো ছাত্রলীগ-যুবলীগ
খাদ্য অধিকার বাংলাদেশ এবং পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নেপালের কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জীব কুমার কার্ন ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
একাত্তর/এসজে