রাজধানীর পান্থপথে ধাক্কা লেগে প্রাইভেটকারের রিয়ারভিউ মিরর ভাঙায় এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাও থানাধীন পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত লেগুনা চালক সবুজ (৩৫) বরিশালের বাসিন্দা।
সবুজের লেগুনার হেলপার জানান, রাস্তায় গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারটি থেকে চার-পাঁচজন আরোহী নেমে এসে সবুজকে বেধড়ক মারধর শুরু করেন। তাদের পিটুনিতে চেতনা হারিয়ে ফেলেন সবুজ। এরপর আরোহীরা প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অচেতন অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সবুজকে অবচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১১ টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কারাবন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, প্রাইভেটকার আরোহীদের মারধরে লেগুনাচালক নিহতের ঘটনাটি জেনেছেন। গাড়িটি শনাক্ত করে অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
একাত্তর/জো