আরও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আলোচিত তাকসিম এ খান। এই নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ঢাকার পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষণ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে এলেন তিনি।
মাস খানেক আগেই তাকসিমকে আবারও নিয়োগ দেয়ার প্রস্তাব ওয়াসার পর্ষদ সভায় অনুমোদন দেয়া হয়েছিল। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকসিমের পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তাকসিম। আগামী ১৪ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে, ওইদিন থেকেই তাকে আরও তিন বছরের জন্য নিয়োগের কথা জানানো হয়েছে।
মার্কিন নাগরিক তাকসিমের মেয়াদ সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২০ সালে অক্টোবরে। অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়াসার সবচেয়ে দীর্ঘসময়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা তাকসিম এ খানের বিরুদ্ধে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলাও করেছে। এছাড়া তার ‘অবৈধ সম্পদ’ আছে কিনা সে খোঁজেও নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
একাত্তর/আরবি