ডেঙ্গু নিয়ে সচেতন করতে দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র ভৈরবী রাজধানী বিভিন্ন স্থানে ‘মশাকথন’ নামে পথনাটক পরিবেশন করেছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রাঙ্গণ, পায়রা চত্ত্বর, টিএসসি এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই পথনাটকটি উপস্থাপন করা হয়।
এর রচনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কার্য নির্বাহী প্রধান ইলিয়াস নবী ফয়সাল।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করাই এর মূল উদ্দেশ্য। নাটকের সংলাপের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার বিভিন্ন প্রতিকার, প্রতিষেধক এবং প্রতিরোধের উপায় তুলে ধরা হয়েছে।
ভৈরবীর ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহী বলেন, আমরা চেষ্টা করেছি জনসচেতনতামূলক একটি আয়োজন উপস্থাপন করতে। আশা করছি এতে করে আমরা দেশীয় স্বার্থে ভূমিকা রাখতে পেরেছি।
দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় এবং প্রচারে কাজ করে যাচ্ছে ভৈরবী। মূলত তরুণ প্রজন্মের হাত ধরেই দেশীয় সংস্কৃতি সত্ত্বা বাঁচিয়ে রাখা এবং প্রচার-প্রসারেই বিগত তিন বছর ধরে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
একাত্তর/এসি