আন্তর্জাতিক সম-মজুরি দিবস ২০২৬ উপলক্ষে নারী-পুরুষের সমান মজুরির অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোশাকশ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো তাদের নিজেদের লেখা ও অভিনীত পথনাটক ‘এক কাজের দুই দাম’।
নাটকটিতে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে নারী-পুরুষের মজুরি অধিকার, সঠিক কাজের মূল্যায়ন এবং ন্যায্য মজুরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নাটকের পাশাপাশি অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের বেতন কাঠামো, ওভারটাইম হিসাব এবং পে-স্লিপ বোঝার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‘আমি নারগিস’ ক্যাম্পেইনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি মূলত ‘সাসটেইনেবিলিটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (স্টাইল-২) প্রকল্পের একটি অংশ, যা যৌথভাবে বাস্তবায়ন করছে জিআইজেড বাংলাদেশ ও কোনা ফাউন্ডেশন। বাংলাদেশের পোশাকশিল্প যেন ইউরোপীয় ইউনিয়নের টেকসই উন্নয়ন মানদণ্ড অর্জন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে সহায়তা জোগাচ্ছে এই প্রকল্প।
বিগত পাঁচ বছর ধরে অনলাইন ও মাঠপর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে ‘আমি নারগিস’ ক্যাম্পেইন। গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি বর্তমানে সংস্থাটি একটি সমন্বিত ‘কমিউনিটিভিত্তিক সাপোর্ট সিস্টেম’ গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে সহিংসতার শিকার বা ঝুঁকিতে থাকা নারী শ্রমিকেরা পারস্পরিক সহযোগিতা ও প্রয়োজনীয় আইনি বা নাগরিক সহায়তার সুযোগ পাবেন।
আয়োজকদের মতে, পোশাকশিল্পে শ্রমিকদের অধিকার সচেতনতা ও সুশাসন প্রতিষ্ঠায় এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্বে পরিচালিত এমন সামাজিক সংলাপভিত্তিক উদ্যোগ শিল্পের সার্বিক স্থিতিশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনা পর্ব ও পথনাটক শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘মধু হই হই’ গান খ্যাত লোকসঙ্গীতশিল্পী ইমরান হোসেইন সংগীত পরিবেশন করে দর্শক মাতান।
