‘অনুভূতিটা অদ্ভুত, তারকা খুঁজে পেয়েছি,’ বিয়ের পর বললেন আয়মান-মুনজেরিন

বিয়ের পিঁড়িতে বসলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এবং প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ও ইংরেজি শিক্ষার প্রশিক্ষক মুনজেরিন শহীদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আয়মান ও মুনজেরিন নিজেদের বিয়ের ছবি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইসএসে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

আয়মান সাদিক তার ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত ।’

মুনজেরিনও একই ছবি শেয়ার করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি (ফাউন্ড মাই স্টার)।'

শেয়ার করার সঙ্গে সঙ্গে তাদের ছবি নেট দুনিয়ার ভাইরাল হয়ে গেছে। আয়মান সাদিকের পোস্টে দুঘণ্টার মধ্যে ১০ লাখ লাইক পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৫৩ হাজারবার, আর মন্তব্য এসেছে ১৮০ হাজার।

মুনজেরিনের পোস্টেও দুঘণ্টায় লাইক পড়েছে প্রায় ৯ লাখ, শেয়ার হয়েছে ৫৮ হাজারবার, আর মন্তব্য এসেছে ১৬০ হাজার।

কোচিং সেন্টারে শিক্ষকতার এক পর্যায়ে আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা পায় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল স্টার্ট-আপ কোম্পানি টেন মিনিট স্কুল এরই মধ্যে দেশের বৃহত্তম অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

মুনজেরিন শহীদ প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি মূলত ইংরেজি শিক্ষার প্রশিক্ষক, লেখক, ও ভিডিও কনটেন্ট ক্রিয়েটর।

টেন মিনিট স্কুলে মুনজেরিনের ইংরেজি শিক্ষার ভিডিও ব্যাপক বিক্রি হওয়া কনটেন্টগুলোর মধ্যে অন্যতম।

আয়মান সাদিক কারিকুলাম শিক্ষার ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে টেন মিনিট স্কুলে বিক্রি করেন।  

মুনজেরিন ও আয়মানের সম্পর্ক নিয়ে বেশকিছু ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছিল।