শাশুড়ির ফ্রোজেন করা গরুর খাঁটি দুধ খেয়েই আইডিয়াটা মাথায় আসে বাড়ির নতুন বউয়ের। দেশী গরুর খাঁটি দুধ যদি অনলাইনে বিক্রি করা যায় তো কেমন হয়? করলেনও তাই।
ফেসবুকে টাঙ্গাইলের গরুর দুধ বিক্রির সাদামাটা একটি পোস্ট থেকে একবারেই মেলে ৭৫ লিটার দুধের অর্ডার। বিয়ের তিন মাসের মধ্যে বাড়ির সেই বউ হয়ে ওঠেন উদ্যোক্তা।
উদ্যোক্তা আসমা হক কান্তার ছাত্রজীবনের স্বপ্ন ছিলো চাকরি নয়, ব্যবসা করবেন। তৈরি করবেন কর্মসংস্থান। ২০০৮ সালে অনার্স শেষ করেও লক্ষ্যে ছিলেন অবিচল।
চমকপ্রদ ঘটনাটি ঘটে বিয়ের তিন মাস পর। নিজের ওয়ালে ফ্রোজেন করা গরুর দুধ বিক্রির একটি মাত্র পোস্ট দেন। একদিনেই আসে ৭৫ লিটার দুধের অর্ডার। দিনটি ছিল ২০১৫ সালের ১৯ মে। এরপর তৈরি করেন অনলাইন প্লাটফর্ম ‘ধবল’।
অভিনব সাড়া পেয়ে এই উদ্যোক্তা একই বছরই বিক্রির তালিকায় ওঠান খাটি ঘি, মধু, সরিষার তেল আর আচার।
আসমা হক কান্তা বলেন, খুব ভালো সাড়া পাওয়ায় আমরা ধীরে ধীরে আমাদের ব্যবসায়ের পরিধি বাড়াই।
আসমা হক কান্তার এখন বিশাল কমার্শিয়াল স্পেস। কর্মীরা তৈরি করছেন ৪০ রকম আঁচার। ২০ রকম পিঠা। ১৩ রকমেরও বেশি স্ন্যাকস। আর কর্পোরেট অর্ডার তো আছেই। এই উদ্যোক্তার এবারের লক্ষ কৃষিজাত পণ্যে নিয়ে কাজ করা।