রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো ১৭তম আন্তর্জাতিক ওয়েবেমেটিক্স, ইনফরমেটিক্স এবং সায়েন্টমেটিক্স কনফারেন্সের।
শুক্রবার বিকেলে ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে ডক্টর এস আর লস্কর লাইব্রেরি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আয়োজনে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এতে সহযোগিতা করে ‘কোলনেট সোসাইটি ফর লাইব্রেরি প্রফেশনালস’ এবং স্পেশাল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এশিয়া কমিউনিটি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সৈয়দ মঞ্জুর এলাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক শামস রহমান বলেন, ডিজিটাল যুগে তথ্য ও জ্ঞান পরিচালনায় ওয়েবেমেটিক্স, ইনফরমেটিক্স এবং সায়েন্টমেটিক্স সবসময় জ্ঞান, গবেষণা ও তথ্য বিতরণের প্রভাব এবং গতিশীলতা বোঝার এবং মূল্যায়নের ক্ষেত্র।
সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫০ জন গবেষক, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহন করেন। এই সম্মলনে মোট ৮৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডক্টর বার্ন্ড মার্কশেফেল, সিনিয়র গবেষক, তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিভাগ, টেকনিশে ইউনিভার্সিটি, জার্মানি। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ডালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং ফ্রান্সের স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন—চার্লস ল্যামিরেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন এবং গ্রন্থাগারিক (ইনচার্জ) ড. দিলারা বেগম।