দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দামের কারণে টিসিবির পণ্যবাহী ট্রাকের সামনে প্রতিদিনই ভিড় বাড়ছে মধ্যবিত্তের।
তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু ডিলার দোকানে টিসিবির পণ্য বিক্রি করছেন।
বুধবার (১৪ জুলাই) সকালের দিকে খামারবাড়িতে টিসিবির পণ্য কিনতে আসা মানুষের এমন দীর্ঘ সারি দেখলেই বোঝা যাচ্ছিলো কতটা অসহায় রাজধানী-বাসী।
কম দামে তেল, চিনি ও মসুর ডালের জন্য, প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে সকাল আটটা থেকে অপেক্ষা করছেন এসব মানুষ।
তবে লাইনে দাঁড়িয়েও টিসিবির পণ্য কিনতে পারছেন না বেশিরভাগ মানুষ। কারণ, ট্রাক প্রতি বরাদ্দ মাত্র এক হাজার লিটার সয়াবিন তেল, সাত কেজি চিনি ও চারশ’ কেজি মুসুর ডাল।
ফলে টিসিবির তিন পণ্য অর্থাৎ দুই লিটার তেল এবং দুই কেজি করে চিনি ও ডাল কিনতে পারেন মাত্র দুইশ’ জন। বাকি তিনশ’ জন তেল কিনতে পারলেও তাদের মধ্যে দেড়শ’ জনই চিনি কিনতে পারেন না।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জমে উঠছে কোরবানির হাট
ডিলাররাও স্বীকার করলেন, লাইনের বাইরেও অনেককে টিসিবির পণ্য দিতে হয় তাদের। কোরবানি ঈদের ছুটি ছাড়া চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
একাত্তর/আরএ