রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় একটি হোটেল থেকে মো. রাকিব নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সোয়া ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম মো. হিমু। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়।
নিহতের চাচা নিজামুদ্দিন জানান, বাড়ি থেকে পালিয়ে এসে যোগাযোগ বন্ধ করে দেয় রাকিব। পরে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজারে নিউ মিতালী হোটেল থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। গত ২৬ জুলাই সে এই হোটেলে রুম ভাড়া নেয়। হোটেলের ওই রুমে সে একাই থাকতো। আজ সকালে তার রুমের দরজা বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। পরিবার জানিয়েছে, ৭-৮ দিন আগে পরিবারের সঙ্গে রাগ করে সে ঢাকায় এসেছে।
আরও পড়ুন: কদমতলীতে গার্মেন্টসকর্মী গণধর্ষণ: গ্রেপ্তার ২
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মতিঝিল থেকে একজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে থানা পুলিশ। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ