নানা আয়োজনে জনউদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরামের প্রবীণ দিবস উদযাপন

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জনউদ্যোগ ও এজিং সাপোর্ট ফোরামের উদ্যোগে রাজধানীতে এক আনন্দমুখর প্রবীণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত প্রবীণ নরনারীর অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে ছিল নানা বিনোদনমূলক খেলা ও উপহার বিতরণ। বেলুন ফোটানো, হাড়ি ভাঙা, চেয়ার খেলা, বালিশ খেলা, গলফ এবং জোরে হাঁটার মতো খেলায় অংশ নিয়ে প্রবীণরা আনন্দে মেতে ওঠেন।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মিরপুরে কল্যাণপুর গার্লস স্কুল প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। 

উৎসবে মোট দুইশত প্রবীণ অংশ নেন, যার মধ্যে ৭৮ জন পুরুষ ও ১২২ জন নারী। সব অংশগ্রহণকারীকে পুরস্কার, উপহার এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। 

আয়োজকরা জানান, প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা ও মানসিক আনন্দ বৃদ্ধির লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।