দখল ও চাঁদাবাজিতে অভিযুক্ত ইব্রাহিম খলিল গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলনেতা পরিচয়ে সাংবাদিকদের মেরে গাছে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া এবং দখল ও চাঁদাবাজিতে অভিযুক্ত ইব্রাহিম খলিলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ। ইব্রাহিম খলিলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসি ও ফ্রিজ ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ এয়ারকন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর সভাপতি আনোয়ারুল ইসলামের চাঁদাবাজি অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৯ নভেম্বর। দিনাজপুরের পার্বতীপুরে ক্যাসিনো সম্রাট সিয়ামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ নিয়ে বক্তব্য জানতে গেলে তিনি দ্য নিউজের সম্পাদক ও সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। ওই সময় তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দল নেতা পরিচয় দিয়ে হুমকির সুরে কথা বলতে থাকেন তিনি। 

এরপর দ্য নিউজেরর অপরাধ ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘দ্য ইনভেস্টিগেশন’-এর ধারাবাহিক তিন পর্বের মধ্যে ইতোমধ্যে প্রচারিত দুই পর্বে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের বিস্তারিত তথ্য প্রকাশ পায়। অনুসন্ধানে উঠে আসে- বন বিভাগের জমি দখল, সামাজিক বনায়নের গাছ কেটে কৃষিজমিতে রূপান্তর, সাধারণ জমি গ্রহীতাদের মারধর, ক্যাসিনো ব্যবসা পরিচালনা এবং একাধিক হত্যাকাণ্ডসহ ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য।

বন বিভাগ সূত্রে জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ার কারণে ইব্রাহিম খলিল ও তার সহযোগীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সর্বশেষ ব্রামার সভাপতি আনোয়ারুল ইসলামের কাছে চাঁদা দাবি করার ঘটনায় ইব্রাহিম খলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় একটি চাঁদাবাজি অভিযোগে মামলা করা হয়।