বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের এক বিচারপতিকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত অবমাননার অভিযোগে চার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেয়া হবে না -সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি ওই ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। খবর বাসসের।
আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক।
রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনকারী চার আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।
একাত্তর/আরবিএস
