জামিনের পর প্রথমবার আদালতে গেলেন পরীমনি

জামিনের পর প্রথমবার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনির এই উপস্থিতি। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান। 

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে সিআইডি। তবে তদন্ত প্রতিবেদনের সাথে পরীমনির হাজিরার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। 

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। এরপর তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট জামিন পান তিনি। 

আরও পড়ুন: ক্ষমা চাইলেন পরীমণিকে বারবার রিমান্ড পাঠানো দুই বিচারক

পরীমণিকে আটকের সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করার ঘটনায় পরেরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেই মামলাতে হাজিরা দেওয়ার জন্য পরীমনি আদালতে উপস্থিত হয়েছেন। 

যদিও পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেছেন, পরীমনির বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া। 

মাদক মামমায় বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত জমা দেওয়া হবে কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি সিআইডি। 


একাত্তর/আরএইচ