অশ্লীল ভিডিও ভাইরালকাণ্ডে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেয়া হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি একজন নারীর সাথে কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী থানায় এসে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুখরোচক আলোচনার তৈরি হয়েছে।
তবে চিত্তরঞ্জন দাস নিজে ভিডিওটি প্রসঙ্গে একাত্তরকে বলেন, 'এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন।'
একাত্তর/এআর