ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তারের পর র্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাব জানিয়েছে, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে এ দম্পতিকে গ্রেপ্তারের পর র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের মোহাম্মাদপুরের বাসায় অভিযান চালায় র্যাব।
রাতে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার পরিপেক্ষিতে বিকেল চারটা থেকে রাসেলের মোহাম্মাদপুরের বাসায় গ্রেপ্তার অভিযান চালানো হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক ইভ্যালির এমডি রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়। মামলার এজাহারে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধের কথা বলা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধির ধারাগুলো হচ্ছে- ৪২০, ৫০৬ ও ৪০৬।
আরও পড়ুন: ইভ্যালির টাকা ফেরত চেয়ে রাসেলের বাসায় গ্রাহকদের ভিড়
অনলাইনে পণ্য কেনাবেচার জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে অনেক দিন ধরেই নানা অনিয়মের অভিযোগ ছিল। গত ২৫ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির সব ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরপর গত ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভ্যালির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি। এরই ধারাবাহিকতায় এবার ইভ্যালির প্রধান দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করলো র্যাব।
একাত্তর/এসি