বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার জানায়, অল্প সময়ের অসুস্থতার পর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিন না-ফেরার দেশে পাড়ি জমান।
মৃত্যুকালে ৬৮ বছর বয়সী মো. আলাউদ্দিন তালুকদার স্ত্রী, একমাত্র কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শোকবার্তায় জানানো হয়, মরহুম আলাউদ্দিন তালুকদার দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বিটপীতে কর্মরত ছিলেন। বিজ্ঞাপন ও গণমাধ্যম অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ পেশাজীবী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২২ জুলাই) ভোর ৫টায় রাজধানীর পাইকপাড়া হাজী ওয়াসের খান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুরের পাইকপাড়ার আহমেদ নগরে তার বাসভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ গণমাধ্যমের আরও অনেকে উপস্থিত হন।
সেখান থেকে তার মরদেহ তার কর্মস্থল বিটপীতে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা ৩০ মিনিটে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন তালুকদার মৃত্যুর আগ পর্যন্ত চার দশক ধরে বিটপীতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সবশেষ বাদ জোহর রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আলাউদ্দিন তালুকদার।
মেয়ে আরজানা বিনতে আলাউদ্দিন স্কটল্যান্ডে পড়াশোনা করছেন। স্ত্রী রুমানা বিনতে মাসুদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।