‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্কের (বিআইটিপিএন) উদ্যোগে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের সূত্র জানা যায়, দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্ভাবক, ২০০ জনের বেশি প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), ১৫০ জনের বেশি প্রযুক্তি উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথি ও বক্তারা এই সম্মেলনে অংশ নেবেন। আগামী প্রযুক্তি নেতৃত্ব গঠন, রূপান্তর এবং যৌথ সহযোগিতার পথ সুগম করতেই এই প্ল্যাটফর্মটি আয়োজন করা হচ্ছে।
সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান, দায়িত্বশীল ও কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাত ও ব্যবসার উৎপাদনশীলতা বাড়ানো, প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। দিনব্যাপী এই আয়োজনে প্রযুক্তি খাতের নেতৃবৃন্দের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হবে।