গৃহঋণে আস্থার তিন দশক, টানা ২১ বছর ‘AAA’ রেটিংয়ে ডিবিএইচ

দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে গত তিন দশকে প্রতিষ্ঠানটি ৬৩ হাজারেরও বেশি পরিবারকে আর্থিক সহায়তার মাধ্যমে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে ভূমিকা রেখেছে। গ্রাহককেন্দ্রিক সেবা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা ও সেবার উৎকর্ষতার মাধ্যমে গৃহায়ণে অর্থায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একটি সুদৃঢ় ও বিশ্বস্ত অবস্থান তৈরি করেছে।

৩০ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন বলেন, ৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর চেয়েও বড়ো বিষয় হলো—হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অংশীজনদের দীর্ঘদিনের আস্থার উদযাপন। আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানাকে সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে আমরা দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর জোর দিয়ে ডিবিএইচ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ (AAA) ক্রেডিট রেটিং অর্জন করে আসছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার কখনো এক শতাংশ অতিক্রম করেনি, যা প্রতিষ্ঠানটির বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম উদাহরণ।

বর্তমানে দেশের ১৯টি শাখার মাধ্যমে ডিবিএইচ প্রচলিত ও ইসলামী উভয় ধারার অর্থায়নে সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। আগামী দিনে এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কার্যক্রমের পরিধি সারা দেশে আরও সম্প্রসারণের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই আবাসন বাস্তবায়নে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।