দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জনে আধুনিক প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি কনফারেন্স’-এ এসব মতামত তুলে ধরেন বক্তারা। এইচপিসি ও রিমস যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও রিমার্ক সুপার প্যাকের প্রধান জয়ন্ত সরকার জানান, কসমেটিকস, স্কিনকেয়ার এবং হোমকেয়ার পণ্যের জন্য আন্তর্জাতিক মানের প্যাকেজিং সেবা দিচ্ছে রিমার্ক সুপার প্যাক। দেশীয় উৎপাদকদের জন্য আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে বিশ্বমানের প্যাকেজিং তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
জয়ন্ত সরকার আরও বলেন, প্যাকেজিং শিল্পের টেকসই বিকাশে কাঁচামাল আমদানিতে করের চাপ কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদক ও সরবরাহকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
সম্মেলনে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস। তিনি মানহীন ও নকল পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। আগামী পাঁচ বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবে বলে মত দেন তিনি।
রিমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা উৎপাদন, সরবরাহ ও বিপণনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া অনলাইন বাজারে নকল ও মানহীন পণ্য বিক্রি নিয়ে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বাজার তদারকি বৃদ্ধি ও ভোক্তা সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর নীতিসহায়তা বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের হোম ও পার্সোনাল কেয়ার খাত একটি শক্তিশালী ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সম্মেলনের বক্তারা।
দিনব্যাপী এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো রিমার্ক এইচবি লিমিটেড, আইএফএফ, কেভা, রিমেক্স ও সানআন লিমিটেড এবং গিফট পার্টনার ছিল লিলি ও স্কিনো।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রিমসের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহা।