রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর সমাপনী দিনে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের সম্মাননা অর্জন করেছে রিমার্ক-হারল্যান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে এ দুই বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। ১৬টি দেশের ৫৮টি খ্যাতনামা প্রতিষ্ঠানের মধ্যে সামগ্রিক মান, প্রযুক্তিগত আধুনিকতা ও পরিবেশনার ভিত্তিতে সেরা নির্বাচিত হয় রিমার্ক।
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফয়সাল মুনিম রিমার্কের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব।
ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস খাতে রিমার্কের অবদান নজরকাড়া। তাদের আধুনিক উৎপাদন সক্ষমতা, দৃষ্টিনন্দন স্টল ডিজাইন ও পেশাদার উপস্থাপন সবাইকে মুগ্ধ করেছে। রিমার্কের প্যাভিলিয়নটি কেবল পণ্য প্রদর্শনীতেই সীমাবদ্ধ ছিল না, বরং বৈশ্বিক দরবারে বাংলাদেশের কসমেটিকস শিল্পের অমিত সম্ভাবনা তুলে ধরেছে।
সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ বলেন, ১৬টি দেশের বিশ্বমানের ৫৮টি কোম্পানির ভিড়ে রিমার্কের সেরা হওয়ার অর্জনটি পুরো দেশের কসমেটিকস খাতের উৎপাদন সক্ষমতারই জয়। নকল ও ভেজালের ভিড়ে ভোক্তাদের কাছে আসল ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে কাজ করছে রিমার্ক। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।
প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব জানান, প্রথমবারের মতো অংশ নিয়েই এ সাফল্য তাদের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন উদ্দীপনা জোগাবে। বর্তমানে রিমার্কের উৎপাদিত স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্য থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
রিমার্কের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)। সংগঠনটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আশা প্রকাশ করেন, রিমার্কের হাত ধরে বাংলাদেশ অতি দ্রুত কসমেটিকস খাতে আমদানিনির্ভরতা কাটিয়ে একটি বড়ো রপ্তানিকারক দেশে পরিণত হবে।
প্যাভিলিয়নে তারকা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
মেলার শেষ দিনেও রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপস্থিতি ছিল দেখার মতো। অভিনেত্রী নাজিফা তুষি, শার্লিন ফারজানা ও শবনম ফারিয়াসহ দেশের শীর্ষ তারকা ও ইনফ্লুয়েন্সাররা প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তারা মানসম্মত ও আসল পণ্য ব্যবহারের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা 'স্পিন অ্যান্ড উইন' কার্যক্রম প্যাভিলিয়নে বাড়তি উন্মাদনা যোগ করে।
মিললো কোটি টাকার বাণিজ্যিক অর্ডার
পণ্য প্রদর্শনের পাশাপাশি রিমার্ক নিজেদের আন্তর্জাতিক মানের প্রিন্টিং, প্যাকেজিং ও ইনগ্রেডিয়েন্টস সক্ষমতা প্রদর্শন করে। মেলা চলাকালে নতুন উদ্যোক্তা ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার এসেছে বলে জানিয়েছেন রিমার্কের হেড অব প্যাকেজিং মো. আলী রেজা। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতা ও বায়াররাও রিমার্কের পণ্যে বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
