বিশ্বের সম্মানজনক উদ্ভাবনী প্ল্যাটফর্ম এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন আয়োজিত ‘গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ঢাকাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ‘threadBridge’।
‘ফ্যাশন জগতের নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এই সম্মাননার এবারের ১০ বিজয়ীর মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান threadBridge।
সুইডেনের স্টকহোম সিটি হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মো. রিদওয়ান হোসাইন। উল্লেখ্য, এই স্টকহোম সিটি বলেই প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কারের ভোজসভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অপর সহ-প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ মাজ।
ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও তানজানিয়ার মতো দেশের উদ্ভাবকদের পাশাপাশি চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের এই স্টার্টআপ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হলেও, এবার বিশ্বমঞ্চে স্বীকৃতি মিললো উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও তৈরির কেন্দ্র হিসেবে।
কাপড় কাটার আগেই ত্রুটি শনাক্ত করতে সক্ষম এআই-চালিত ‘স্মার্ট গ্লাস’ উদ্ভাবনের জন্য threadBridge এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এই প্রযুক্তির সাহায্যে ফ্যাব্রিক পরিদর্শকেরা তাৎক্ষণিকভাবে কাপড়ের ত্রুটি শনাক্ত করতে পারেন। অনেক কারখানায় ৯০ শতাংশ কাপড় না দেখেই কাটিংয়ে পাঠানো হয়, যা অপচয়ের সৃষ্টি করে। নতুন এই প্রযুক্তি মানবসম্পদের বিকল্প নয়, বরং মানুষের কাজকে আরও নিখুঁত ও কার্যকর করতে সাহায্য করবে।
পুরস্কার গ্রহণের অনুভূতি জানিয়ে সহ-প্রতিষ্ঠাতা রিদওয়ান হোসাইন বলেন, “স্টকহোমে এই পুরস্কার গ্রহণ করার সময় আমার মনে পড়ছিলো আমাদের কারখানার উৎপাদনকর্মীদের কথা। এই স্বীকৃতি তাদের এবং বাংলাদেশের সেই সব তরুণ প্রকৌশলীর, যারা দেশের সমস্যা দেশের মাটিতেই সমাধান করতে চান।
বিজয়ী প্রতিষ্ঠান হিসেবে threadBridge পাবে দুই লাখ ইউরো অনুদান (প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা)। এর পাশাপাশি এক বছরব্যাপী ‘চেঞ্জমেকার প্রোগ্রাম’-এ অংশ নেওয়ার সুযোগ পাবে তারা, যা এই উদ্ভাবনকে বিশ্বজুড়ে সম্প্রসারণে সহায়তা করবে।
উল্লেখ্য, threadBridge ‘বিল্ড বাংলাদেশ’ পরিচালিত ‘নিডল ইনোভেশন চ্যালেঞ্জ’-এর একটি স্নাতক প্রতিষ্ঠান। তারা তৈরি পোশাক খাতের পাশাপাশি ইস্পাত তৈরি এবং কৃষি খাতে ত্রুটি শনাক্তকরণ ও মান নিয়ন্ত্রণের জন্য প্রযুক্তিনির্ভর পণ্য (যেমন—Garments QC, Smart Glass, SteelGuard এবং Crop AI) তৈরি করে থাকে।