আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে এক হাজারেরও বেশি পণ্য

বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। এর মাধ্যমে আন্তর্জাতিক ই-কমার্স বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরির পাশাপাশি বিশ্ববাজারে হাজারো পণ্য নিয়ে যাওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করলো প্রতিষ্ঠানটি।

আলিবাবা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এই চুক্তির ফলে বিশ্বজুড়ে থাকা আন্তর্জাতিক ক্রেতারা এখন আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমেই রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের মানসম্মত পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের চমৎকার সুযোগ পাবেন।

সোমবার (২ নভেম্বর) আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক বিয়ন্ডের চিফ অপারেটিং অফিসার (সিওও) রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পর্যায়ক্রমে বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী এই পণ্যের তালিকা আরও দীর্ঘ করা হবে।

এখানে শুধু খুচরা ও পাইকারি অর্ডারই নয়, বরং আন্তর্জাতিক ক্রেতাদের জন্য কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের আধুনিক মেশিনারি এবং উৎপাদনসংশ্লিষ্ট বিশেষায়িত সেবাসমূহও উন্মুক্ত রাখা হয়েছে।

স্কাইটেক বিয়ন্ডের সিওও রিদওয়ান আহমেদ বলেন, আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য রপ্তানি নয়, বরং উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন কিংবা কাস্টমাইজড প্যাকেজিং ও শিল্পসেবা নিতে আগ্রহী বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি দারুণ সুযোগ সৃষ্টি করবে।

প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন জানান, আন্তর্জাতিক মানের বিটুবি প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য স্থান পাওয়ার মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের কাছে সরাসরি পণ্য উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এই কার্যক্রমকে সফল ও কার্যকর করতে তারা প্রযুক্তিগত সমন্বয়, উন্নত পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আরিফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও বেশি সুসংহত করতে চাই আমরা। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এবং দীর্ঘমেয়াদি ও আস্থার ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।